শিরোনাম

চট্টগ্রাম থেকে চুরি হওয়া কোম্পানির ১২ টন রড মাগুরা থেকে উদ্ধার, গ্রেফতার ৩

চ্যানেল টেন ডেস্কঃ

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হযেছে এ ঘটনায় জড়িত ৩ জনকে। 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেল জানান, গত ১৪ আগস্ট জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন সাইজের ১২ টন লোহার রড ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানোর সময় ট্রাকবোঝাই লোহার রড চুরি হয়। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে আধুনিক প্রযুক্তি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের সমন্বয়ে আসামিদের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। 

একপর্যায়ে গত ১৯ আগস্ট মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে মোঃ রিয়াদ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের হেলপার মোঃ হাদিছ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

এসময় আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার মোহম্মদপুর থানাধীন জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আবুল বাশার নামে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে মোহম্মদপুর বাজারস্থ “আয়ান এন্টারপ্রাইজ” নামক দোকান থেকে চুরি যাওয়া ১২ টন লোহার রড উদ্ধার করা হয়।

No comments