বিশ্বকাপের বিজয় উদযাপন করতে গিয়ে মেক্সিকোতে নিহত ৩
বিশ্বকাপে মেক্সিকোর ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে দলের জয় উদযাপনের সময় শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনাটি ঘটে রাজধানীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক প্যাসেও দে লা রেফর্মা এলাকায়। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ এস্তাদিও আজতেকায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সহ-আয়োজক মেক্সিকো। ঐতিহাসিক এই জয়ের আনন্দ ভাগাভাগি করতে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। অতিরিক্ত ভিড়ের মধ্যেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী পুরুষ এবং বাকি দুজন ১৯ ও ৪৮ বছর বয়সী নারী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ভিড়ের কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্যাসেও দে লা রেফর্মার বিভিন্ন স্থান থেকে তিনজন অচেতন হয়ে পড়ে থাকার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, "তাদের বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। সব ধরনের জরুরি চিকিৎসা দেওয়া হলেও দুর্ভাগ্যবশত তিনজনকেই বাঁচানো সম্ভব হয়নি।"
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে ব্রুগাদা আরও বলেন, "ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সবাইকে দায়িত্বশীলভাবে এবং নিরাপদ পরিবেশে উদযাপন করার আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, ১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বুলগেরিয়াকে হারানোর পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মেক্সিকো। তবে বহু প্রতীক্ষিত এই ঐতিহাসিক জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে রাজধানীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা।

No comments