শিরোনাম

ধামরাইয়ে গভীর রাতে ৭ লাখ টাকা লুটের অভিযোগ

চ্যানেল টেন ডেস্কঃ

ঢাকার ধামরাইয়ে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে সশস্ত্র লুটের অভিযোগ উঠেছে। অভিযোগ, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৪ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান শাহিনুর ইসলাম জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা তাঁর মায়ের কক্ষ থেকে নগদ ৪ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

পরে তারা তাঁর কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে উঠে একজনকে ধরে ফেলেন। এ সময় অন্যরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল মিলিয়ে তাঁর প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা দুজনই ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মুরগির খামারে কাজ করতেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments