বগুড়ার শিবগঞ্জে ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার : ১
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান মিজু (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার চন্ডিহারা এলাকায় অবস্থিত তার পরিচালিত ‘রাকিব সোফা হাউজ’ নামের সোফা কারখানা ও শোরুমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই প্রতিষ্ঠানে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। পরে ডিএনসির একটি দল সেখানে অভিযান চালিয়ে দোকান ও অভিযুক্তের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে মিজানুর রহমান মিজুকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মিজানুর রহমান মিজু বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাঁদপাড়া গ্রামের আব্দুল রাজ্জাক টুকুর ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তাহিদুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

No comments