মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া হাজি জয়নাল কোম্পানির বাড়িতে রোববার সকালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দেওয়া হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

No comments