শিরোনাম

বগুড়ায় দুই থানার ঠেলাঠেলি, ঘটনার এক মাস পার হলেও হয়নি মামলা, নেয়া হয়নি ব্যবস্থা!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় চেতনানাশক খাইয়ে এক যুবকের ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনার এক মাস পার হলেও মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগীকে দুই থানার মধ্যে ঘুরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী আফ্রিদী হোসেন (২৫) সারিয়াকান্দি উপজেলার দহপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি বগুড়ার শাজাহানপুর ও শেরপুর থানায় একই ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ জুন দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড থেকে সিরাজগঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে ওঠেন আফ্রিদী। পথে নরিমেক্স ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত ব্যক্তি তাকে বেতগাড়ী এলাকার একটি দোকানে নিয়ে যান। সেখানে তারা খেজুর, লিচু ও পানি খেতে দেন। এসব খাওয়ার কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন।


পরে বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি আফ্রিদীর বাবাকে ফোন করে জানান, তার ছেলে ধুনট মোড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এরপর কয়েক দফায় অবস্থান পরিবর্তনের তথ্য দিয়ে পরিবারের সদস্যদের বিভ্রান্ত করা হয়। সবশেষে রাতে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষ থেকে আফ্রিদীকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে জ্ঞান ফিরে তিনি দেখতে পান, তার সঙ্গে থাকা একটি লেনোভো ল্যাপটপ, একটি ভিভো ব্রান্ডের স্মার্টফোন এবং নগদ ৮০ হাজার টাকা নেই। তার দাবি, চেতনানাশক খাইয়ে এসব মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী আফ্রিদী হোসেন বলেন, “ঘটনার পর সুস্থ হয়ে থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু এক মাস পার হলেও কোনো মামলা হয়নি। শাজাহানপুর ও শেরপুর দুই থানাই একে অপরের এলাকায় ঘটনা বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। আমি সঠিক বিচার চাই।”

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “ঘটনার সূত্রপাত শাজাহানপুর থানাধীন এলাকায়। তাই শাজাহানপুর থানা ব্যবস্থা নিলে ভুক্তভোগী উপকৃত হবেন।”

অন্যদিকে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, “বিষয়টি জানা আছে। তবে ভুক্তভোগীর মালামাল শেরপুর থানাধীন এলাকায় খোয়া গেছে। তাই শেরপুর থানায় মামলা হলে ভালো হবে।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (মিডিয়া মুখপাত্র) আতোয়ার হোসেন বলেন, “এ ধরনের ঘটনায় যে কোনো একটি থানা আইনগত ব্যবস্থা নিতে পারে। কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, তা জানা নেই। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।”

No comments