বগুড়ায় ৫০ গ্রাম গাঁজা ও ২০পিস ট্যাবলেটসহ নারী গ্রেফতার : ১
বগুড়া সদর উপজেলার সাবগ্রাম বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার (৬ জুলাই) ডিএনসি, বগুড়ার 'ক' সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি মোছা. শেফালী বেগম (৪৫)। তিনি বগুড়া জেলার আকাশতারা এলাকার মৃত জব্বারের কন্যা এবং মো. জাহিদুলের স্ত্রী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান চলাকালে সাবগ্রাম বাজারের 'শেফালী হোটেল' থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানায় ডিএনসি।
পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

No comments