শিরোনাম

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ফ্রান্সের রেফারি

চ্যানেল টেন ডেস্কঃ

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ও মিসরের লড়াই পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে। আর্জেন্টিনা জাতীয় দলের এই প্রথম কোনো ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন তিনি।

এর আগে তিনি আর্জেন্টিনার একমাত্র ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন ২০২৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। সেই ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে মিসরের সিনিয়র দলের কোনো ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নেই এই রেফারির।

চলতি বিশ্বকাপে এর আগে দুটি ম্যাচ পরিচালনা করেছেন লেতেক্সিয়ে। গ্রুপ পর্বে আইভরি কোস্টের ১-০ ব্যবধানে ইকুয়েডরের বিপক্ষে জয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের গোলশূন্য ড্রয়ের ম্যাচ পরিচালনা করেন তিনি।

ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে বিবেচিত লেতেক্সিয়ে ২০১৬ সালে ফরাসি শীর্ষ লিগে অভিষেক করেন। মাত্র ২৮ বছর বয়সে তিনি ফরাসি প্রথম বিভাগের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে দায়িত্ব পালনের কীর্তি গড়েন।

২০১৬ সালের ২৩ জানুয়ারি মঁপেলিয়ে ও কাঁর মধ্যকার ম্যাচ দিয়ে তার লিগে যাত্রা শুরু হয়। এর এক বছরের মধ্যেই ফিফার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। আন্তর্জাতিক পর্যায়ে তার প্রথম ম্যাচ ছিল বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার একটি প্রীতি ম্যাচ।

এরপর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। ২০২১ সালে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক ফুটবল টুর্নামেন্টেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন এই ফরাসি রেফারি।

তবে আর্জেন্টিনা দলে থাকা এক ফুটবলারের সঙ্গে তার একটি স্মরণীয় অভিজ্ঞতা রয়েছে। চলতি বছরের ২২ মার্চ ফরাসি লিগে অলিম্পিক লিওঁ ও মোনাকোর ম্যাচে নিকোলাস তালিয়াফিকোকে লাল কার্ড দেখিয়েছিলেন লেতেক্সিয়ে। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল লিওঁ।

আর্জেন্টিনা-মিসর ম্যাচের ম্যাচ কর্মকর্তারা:

প্রধান রেফারি: ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স) সহকারী রেফারি: সিরিল মুনিয়ে (ফ্রান্স) সহকারী রেফারি: মেহদি রাহমুনি (ফ্রান্স) চতুর্থ রেফারি: এসপেন এসকাস (নরওয়ে) রিজার্ভ সহকারী রেফারি: ইসাক বাসেভকিন (নরওয়ে)

No comments