শিরোনাম

বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নির্মাণাধীন একটি বাড়ি থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। এ ঘটনায় সালেহা খাতুন (স্বামী: ফজলে এলাহী রঞ্জন) নামে এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক সালেহা খাতুনের স্থায়ী বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায়। তিনি বর্তমানে শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়ার একটি নির্মাণাধীন দক্ষিণ দুয়ারি বাড়িতে অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এসআই গোলাম মোস্তাফার নেতৃত্বে শাজাহানপুর থানার একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় নির্মাণাধীন বাড়ির ভিটিতে রাখা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বস্তায় ৬ কেজি এবং অপরটিতে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই সালেহা খাতুনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক সালেহা খাতুনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানের পর স্থানীয় এলাকাবাসী পুলিশের এ সফল উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments