শিরোনাম

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

চ্যানেল টেন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূখণ্ড গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এটি ওই অঞ্চলে তাণ্ডব চালাতে পারে। এই পরিস্থিতিতে রোববার থেকেই স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। খবর: হিন্দুস্তান টাইমস

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) এক সতর্কবার্তায় জানিয়েছে, সোমবার ভোরে টাইফুন বাভি প্রায় ২৬০ কিলোমিটার গতিতে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এর দমকা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা মূলত ‘ক্যাটাগরি-৫’ মাত্রার হারিকেনের সমতুল্য। আবহাওয়া অফিস এই ঝড়টিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করেছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, টাইফুনের প্রভাবে ওই অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। উপকূলে সমুদ্রের ঢেউ সর্বোচ্চ ৩৫ ফুট পর্যন্ত উঁচুতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

ঝড়ের আঘাত থেকে বাঁচতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই নিজেদের ঘরবাড়ির জানালা কাঠের তক্তা (প্লাইউড) দিয়ে আটকে সুরক্ষিত করার চেষ্টা করছেন, আবার অনেকে আগেভাগেই হোটেল কিংবা সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে ওই অঞ্চলের বেশ কয়েকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, গুয়ামে প্রায় ১ লাখ ৭০ হাজার এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস রয়েছে। ঝুঁকিপূর্ণ ও নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে গুয়ামে পাঁচটি বড় আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, পাওয়ার জেনারেটর ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রেখেছে।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রের পানির তাপমাত্রা সাধারণের চেয়ে বেড়ে যাওয়া এবং চলমান ‘এল নিনো’ পরিস্থিতির কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলো ধারণার চেয়েও বেশি শক্তিশালী ও বিধ্বংসী রূপ নিচ্ছে।

No comments