শিরোনাম

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারলেন না এক শিক্ষার্থী

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি সুমাইয়া আক্তার নামে এক শিক্ষার্থী। নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ায় তিনি প্রবেশপত্র পাননি। ফলে বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রে উপস্থিত থেকেও পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুমাইয়া আক্তার চন্দনবাইশা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত ওবাইদুল হক বাবুর মেয়ে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, কলেজ কর্তৃপক্ষ তার কাছ থেকে ফরম পূরণের জন্য ৩ হাজার ৫০০ টাকা গ্রহণ করলেও রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ায় প্রবেশপত্র ইস্যু হয়নি। বিষয়টি জানতে পেরে তিনি বারবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কার্যকর কোনো সমাধান পাননি।

পরীক্ষা কেন্দ্র সারিয়াকান্দি ডিগ্রি কলেজে গিয়ে প্রবেশপত্র না থাকায় পরীক্ষার হলে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া। তিনি বলেন, “আমার বাবা নেই। আমার ভাই অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছেন। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু কলেজের ভুলে সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। এখন আমি কী করব বুঝতে পারছি না।

স্থানীয় বাসিন্দা সুলতানা পারভীন ও লিজা আক্তার বলেন, দেশের বিভিন্ন স্থানে এমন সমস্যার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত বিষয়টির সমাধান করে শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, কলেজ কর্তৃপক্ষের অবহেলায় একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, সে জন্য শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

No comments