শিরোনাম

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও অ্যালকোহলসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজা ও ২৫০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মহানগরের সেউজগাড়ী এলাকার মৃত সুধীর বাঁশফোড়ের ছেলে সোহাগ বাঁশফোড় (২৭), সদর উপজেলার নুরইল গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো. ফিনুস আলী (২৯) এবং পূর্ব পাতিতাপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে আব্দুল বারী (৪০)।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, ডিএনসির ‘ক’ সার্কেলের আভিযানিক দলের সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক তিনজনের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা ও ২৫০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সোহাগ বাঁশফোড় ও মো. ফিনুস আলীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড এবং আব্দুল বারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

No comments