শিরোনাম

বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ভুয়া কমিটি দেখিয়ে এতিমখানার বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি মেয়েদের এতিমখানার নামে ভুয়া প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র অঙ্গ সংগঠন গাবতলী উপজেলা তাঁতীদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অর্থ ফেরত এবং ভুয়া ব্যাংক হিসাব বন্ধের দাবি জানিয়েছে এতিমখানা কর্তৃপক্ষ।

অভিযুক্ত দৌলত জামান খান গাবতলী উপজেলার লাঠিগঞ্জ সারোটিয়া এলাকার বাসিন্দা এবং উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক। 

অভিযোগটি তুলেছেন সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমা-তুজ-জোহরা (রা:) এতিমখানার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা। গত ২ জুলাই তিনি জেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন।

আবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালে আখতার হোসেন খান মোহন এতিম ও দরিদ্র মেয়েদের ধর্মীয় শিক্ষা ও আবাসনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৬৮ নম্বর প্রকল্পে এতিমখানাটির জন্য বরাদ্দ দেওয়া হয়। 

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের বৈধ পরিচালনা কমিটিকে না জানিয়ে দৌলত জামান নিজের নেতৃত্বে একটি ভুয়া পিআইসি গঠন করেন। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম নামে অন্য এক ব্যক্তির নাম ব্যবহার করা হয়। পরে এতিমখানার নামে পৃথক একটি ব্যাংক হিসাব খুলে বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়।

এতিমখানা কর্তৃপক্ষ জানায়, তারা গত বছরের ২১ আগস্ট জেলা পরিষদের কাছে আবাসন কক্ষ নির্মাণের জন্য দুই লাখ টাকা অনুদান চেয়ে আবেদন করেছিল। সম্প্রতি আবাসন কক্ষের পরিবর্তে প্রতিষ্ঠানের মূল ফটকে টাইলস বসানোর কাজ শুরু হলে তাদের সন্দেহ হয়। পরে জেলা পরিষদে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রকল্পের এক লাখ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে।

পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা বলেন, “আমরা বরাদ্দের বিষয়টি জানতাম। কিন্তু গেটে কাজ শুরু হওয়ায় জেলা পরিষদে খোঁজ নিতে গিয়ে জানতে পারি আমাদের প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। পরে অর্থ ফেরতের দাবিতে আবেদন করেছি।”

স্থানীয় বাসিন্দা মো. এরশাদ বলেন, “দৌলত জামান কখনো এতিমখানার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। হঠাৎ কাজ শুরু হওয়ায় সন্দেহ হয়। পরে জানতে পারি এতিমখানার নাম ব্যবহার করে প্রকল্পের অর্থ উত্তোলন করা হয়েছে।”

জেলা পরিষদের একটি সূত্র জানায়, সোমবার (৬ জুলাই) প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সেখানে অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষ উপস্থিত ছিলেন।

শারমিন সুলতানা দাবি করেন, ১১ সদস্যের একটি ভুয়া পিআইসি দেখিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে। বৈঠকে জেলা পরিষদের প্রশাসক কাগজপত্র যাচাই করে দৌলত জামানকে এতিমখানার অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ভুয়া ব্যাংক হিসাবটি বন্ধেরও দাবি জানান।

অভিযোগের বিষয়ে দৌলত জামান খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন সাগর বলেন, “জেলা পরিষদে আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানে আমার বক্তব্য দিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কাগজপত্রে কোথাও আমাকে দায়ী করা যাবে না।”

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, “২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদে প্রায় ৫০০টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এসেছে। এর মধ্যে ১৬৮ নম্বর প্রকল্পটি নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। দুই পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।

No comments