বগুড়ায় র্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি অপহরণ মামলার ১৪ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। একই অভিযানে মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. সাকিব হাসান (২০)-কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, শাজাহানপুর থানায় দায়ের করা একটি অপহরণ মামলার ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মামলার পলাতক আসামি শাহানগর এলাকায় অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-১২-এর একটি আভিযানিক দল শাহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার প্রধান আসামি মো. সাকিব হাসান (২০)-কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত ১৪ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, গত ২৯ মে রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিম বাড়ির পাশের আত্মীয়ের বাসায় যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার জোকা নয়াপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে শাজাহানপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments