শিরোনাম

বগুড়ার সান্তাহারে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার (প্রায় ৬৫) মরদেহ উদ্ধার করেছে সান্তাহার টাউন পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কাঁচাবাজারের শেডে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই বৃদ্ধা সান্তাহার নতুন বাজারের হাটখোলা এলাকায় ঘোরাফেরা করতেন। দিনের বেলায় বাজার এলাকায় থাকলেও রাতে কাঁচাবাজারের শেডে ঘুমাতেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং খুব কম কথা বলায় স্থানীয় ব্যবসায়ীরা তাকে বিরক্ত করতেন না।

সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে।

No comments