শিরোনাম

বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে, ২৪ ঘন্টায় মাদকসহ ৬ জন গ্রেফতার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত পুলিশের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী ও অনলাইন প্রতারকসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি থানার ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে নিয়মিত মামলার এক অনলাইন প্রতারককে আটক করা হয়। অন্যদিকে, চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, জনবল সংকট থাকা সত্ত্বেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন উল্লেখ করে পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় ও তথ্যের গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা হবে।

No comments