বগুড়ার শেরপুরে চুরির মামলার আসামি গ্রেফতার
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে সংঘটিত একটি ব্যাটারিচালিত মিশুক চুরির মামলায় তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়া।
র্যাব জানায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামের বাসিন্দা ও পেশায় মিশুকচালক মো. আলতাফ হোসেন মন্ডল গত ৮ জুলাই রাতে তার প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত মিশুকটি নিজ বাড়ির একটি কক্ষে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, মিশুকটি চুরি হয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও সেটি উদ্ধার না হওয়ায় তিনি শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব-১২-এর একটি আভিযানিক দল শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৯টা ১০ মিনিটে গাবতলী উপজেলার উঞ্চুরখী স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আফিল উদ্দিন পিন্টু (৪০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পিন্টুর বাড়ি গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও আরও জোরালোভাবে কাজ করা হবে।

No comments