শিরোনাম

৯ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক বহন, র‌্যাবের হাতে আটক নারী

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় র‌্যাব-১২ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় তিন নারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০ বোতল ফেয়ারডিল ও ৮০ বোতল ইস্কাফসহ মোট ১৫০ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার পশ্চিম গোড়ারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া সড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি থেকে লাইলী বেগম (৫০) ও মর্জিনা বেগম (৫০) নামে দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় টিএমএস ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে আরেকটি চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আনজুরা (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি তার ৯ মাস বয়সী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে অভিনব কৌশলে ৮০ বোতল ইস্কাফ পরিবহন করছিলেন বলে র‌্যাব জানায়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, মাদক নির্মূলে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

No comments