শিরোনাম

রাজধানীর পাশে ইয়াবা তৈরির কারখানা, র‌্যাবের অভিযান


চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীর উপকণ্ঠে অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, মাদক তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে অভিযান চালানো হয়। সেখানে একটি আস্তানায় দীর্ঘদিন ধরে গোপনে কৃত্রিম উপায়ে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ইয়াবা তৈরি এবং ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল চক্রটি।

এই অভিযানে র‌্যাব-১০-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঁচামাল, মাদক তৈরির যন্ত্রপাতি ও প্রস্তুত ইয়াবাসহ চক্রের চার সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও অভিযানের বিস্তারিত জানাতে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযানের সার্বিক বিষয় এবং আটক ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

No comments