শিরোনাম

বগুড়ায় শিশুকে অটোতে শ্লীলতাহানি: চালকের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে ৭ বছর বয়সী এক শিশুকে অটো রিকশার ভেতর আটকে রেখে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক অটো চালকের বিরুদ্ধে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে চামুরপাড়া গ্রামের মৃত ফনির ছেলে শ্রী সীমান্ত (৪৫)-কে আসামি করে গাবতলী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। 

ঘটনাটি ধামাচাপা দিতে ওই চালক শিশুটিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন।

​এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু সুখানপুকুর গ্রামের 'একটি কিন্ডার গার্ডেন স্কুল'-এর দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে সুখানপুকুরে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করে। গত ২৮ জুন দুপুর আনুমানিক দুইটার সময় শিশুটি নানার বাড়ি থেকে মহিষবাথান গ্রামে তার মায়ের ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সরল বিশ্বাসে সে অভিযুক্ত সীমান্তর অটো রিকশায় ওঠে।

​দুপুর আনুমানিক সোয়া দুইটার সময় মহিষবাথান গ্রামের পূর্ব মাথার একটি ফাঁকা রাস্তায় পৌঁছামাত্রই নির্জনতার সুযোগ নেয় চালক সীমান্ত। সে তার কুৎসিত যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে অটোটি থামিয়ে দেয়। এরপর গাড়ির ভেতরেই শিশুটিকে জোরপূর্বক মোবাইল ফোনে আপত্তিকর ও খারাপ ছবি দেখায় এবং তার পরনের জামা খুলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।

​নির্যাতনের শিকার শিশুটি চিৎকার শুরু করলে লম্পট সীমান্ত তাকে তড়িঘড়ি করে মহিষবাথান গ্রামে তার দাদার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে। এ সময় বিষয়টি কাউকে বললে শিশুকে মারপিট করে মেরে ফেলার হুমকি দেয় ওই চালক। ভয়ে ও আতঙ্কে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও, পরদিন ২৯ জুন দুপুরে সে তার মা ও বাবার কাছে কান্নায় ভেঙে পড়ে এবং পুরো ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন।

স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত লম্পট অটো চালক সীমান্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​বিষয়টি নিয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিব হোসেন জানান,

"একটি শিশু নির্যাতনের ঘটনায় থানায় লিখিত এজাহার জমা পড়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের ব্যাপারে কোনো ছাড় নেই। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"

No comments