শিরোনাম

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলো—জাকিরুল (৬), পিতা মো. আসাদুল ইসলাম এবং সহোদর ফাইম (৮) ও সুরাইয়া (৫), পিতা ফারুক মণ্ডল। তারা সবাই ভালতা গুচ্ছগ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

দুপুর প্রায় ১টার দিকে স্থানীয় বাসিন্দা মোছা. সালমা খাতুন একটি পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়ার কোনো সন্ধান না পেয়ে তাদের নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। পরে মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। এরপরও সুরাইয়াকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।

একই দিনে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে ভালতা গুচ্ছগ্রামজুড়ে শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

No comments