শিরোনাম

বগুড়ায় ৫ লাখ টাকার ছিনতাই মামলার পলাতক আসামি গ্রেফতার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকা এজাহারভুক্ত প্রধান আসামি মো. সাব্বির (২৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে শেরপুর উপজেলার করিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির উপজেলার পাঁচদেওলী গোরাইলপাড়া গ্রামের নজিরের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গত ১৪ জুন রাতে শেরপুর উপজেলার রানীরহাটে নিজের বিকাশ ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিনের বিক্রির নগদ ৫ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. ওমর ফারুক। পথে বিশালপুর ইউনিয়নের হাসড়াগাড়ী সূর্য বাঁশতলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার নাক-মুখে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শেরপুর থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান পলাতক আসামি সাব্বির করিমপুর বাজার এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, মাদক, হত্যা ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

No comments