শিরোনাম

কোটাবিরোধী আন্দোলনে জীবন দেয়া আবু সাঈদের বেরোবিতে এখনো কোটায় ভর্তি

চ্যানেল টেন ডেস্কঃ

সাঈদের স্মৃতিবিজড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি কার্যক্রমে ‘পোষ্য কোটা’সহ বিভিন্ন কোটা পদ্ধতি বহাল রাখায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল মেধাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন, সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে এমন সিদ্ধান্তকে আন্দোলনের মূল চেতনার পরিপন্থী হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহল।

সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে দেখা যায়, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত ‘পোষ্য কোটা’ও কার্যকর রাখা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসজুড়ে বিতর্কের ঝড় ওঠে।

শিক্ষার্থীদের অবস্থান:

আন্দোলনের অগ্রসেনানী শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বেরোবি শিক্ষার্থী শামসুর রহমান সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ তার নিজের ক্যাম্পাসেই এখন পোষ্য কোটার মতো অযৌক্তিক সুবিধা বহাল রাখা হয়েছে। এটি শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। এই বৈষম্যমূলক ব্যবস্থা বাতিল না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

আরেক শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, “আবু সাঈদের আত্মত্যাগ ছিল একটি ন্যায়সংগত ও সাম্যভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। একটি আধুনিক ভর্তি পরীক্ষায় মেধার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ইতিবাচক বৈষম্য মেনে নেওয়া গেলেও পোষ্য কোটার মতো বিশেষ সুবিধা বজায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

কোটা পদ্ধতি বহাল রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোটা পদ্ধতি বিদ্যমান থাকায় এখানেও তা রাখা হয়েছে। এটি কেন্দ্রীয় ভর্তি কমিটির একটি সমন্বিত সিদ্ধান্ত। তবে শিক্ষার্থীদের মধ্যে এটি নিয়ে সমালোচনা তৈরি হলে কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।”

বিশ্লেষকদের অভিমত:

সচেতন মহলের মতে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক জনবিস্ফোরণ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেহেতু এই আন্দোলনের অন্যতম প্রতীক, তাই এখানে মেধাভিত্তিক পদ্ধতির পূর্ণ বাস্তবায়ন একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারত। বিশেষ করে ‘পোষ্য কোটা’ নিয়ে দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বিতর্ক চলছে, তা নিরসনে এই বিশ্ববিদ্যালয়টি অগ্রণী ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা ছিল সবার।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির মুখে কোটা পদ্ধতি সংশোধন করবে নাকি বিদ্যমান নীতিতেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে, তা নিয়ে বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে মেধার ভিত্তিতে ভর্তির পূর্ণ নিশ্চয়তা দাবি করছেন।

No comments