শিরোনাম

বগুড়া শিবগঞ্জে ৩ কোটি টাকার বিষ্ণু মূর্তি মহাস্থান জাদুঘরে হস্তান্তর করা হয়েছে

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে উদ্ধার হওয়া আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের বিরল কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি আদালতের নির্দেশনা অনুযায়ী মহাস্থান জাদুঘর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শিবগঞ্জ থানায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান মোছাঃ রাজিয়া সুলতানার হাতে তুলে দেন।

এর আগে, গত ৯ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার পুলিশ উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামে অভিযান চালিয়ে মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। পরবর্তীতে আদালতের নির্দেশে মূর্তিটি জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে মহাস্থান জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. শাহরিয়ার শাফী হাসান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস. এম. তাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহাস্থান জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তাদের সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ করবে। প্রয়োজনীয় সংরক্ষণ প্রক্রিয়া শেষে দর্শনার্থীদের জন্য মূর্তিটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

No comments