শিরোনাম

দীর্ঘদিন পর মালেন দহে ফিরল ঐতিহ্যের ডিঙ্গি নৌকা বাইচ, হাজারো মানুষের ঢল

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

দীর্ঘ ৬-৭ বছর পর বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা মালেন দহ এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ১৩তম ডিঙ্গি নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। অতিরিক্ত বৃষ্টিতে খালে পর্যাপ্ত পানি জমে ওঠায় আবারও ফিরে আসে বহু প্রতীক্ষিত এ আয়োজন। নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী ভিড় করেন।

শনিবার দুপুর সাড়ে ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে ফিরিয়ে এনে খেলাধুলা ও পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী করতে হবে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন পর আবারও এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা ফিরে আসায় তারা আনন্দিত। তারা প্রতিবছর নিয়মিত এ আয়োজনের দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. এম আর হাসান পলাশ। তিনি বলেন, এই ঐতিহ্য ধরে রাখতে হলে যুব সমাজকে সঙ্গে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, গত ৬-৭ বছর পর্যাপ্ত পানি না থাকায় নৌকা বাইচ আয়োজন করা সম্ভব হয়নি। তবে চলতি বছরের অতিরিক্ত বৃষ্টিপাতে মালেন দহ খালে পর্যাপ্ত পানি হওয়ায় আবারও প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রতিবছর নিয়মিত এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলার আয়োজন অব্যাহত থাকবে।

মেলা সমাপ্তি পর্যন্ত উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মো. মোর্শেদ মিল্টন। তিনি বলেন, নৌকা বাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ। এ আয়োজনকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে হবে।

ঐতিহ্য, প্রতিযোগিতা ও গ্রামীণ সংস্কৃতির মিলনমেলায় মুখর হয়ে ওঠে মালেন দহ এলাকা। দিনব্যাপী এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।

No comments