গাবতলীতে ফিল্মি স্টাইলে চুরি: দিনদুপুরে দোকানের টিন কেটে সিসিটিভি হার্ডডিস্কসহ ৪ লাখ লুট
বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইল বাজারে একটি দোকানে ওপরের টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকান থেকে নগদ চার লাখ টাকা এবং চুরির প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক লুট করে নিয়ে গেছে। গত বুধবার (৯ জুলাই) দুপুরে দাঁড়াইল বাজারের তরফসরতাজ মাদ্রাসা গেটের দক্ষিণ পাশে অবস্থিত 'মেসার্স তাসনিম এন্টারপ্রাইজ' নামক মোবাইল এক্সেসরিজ ও টেলিকম দোকানে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় দোকানের মালিক তরফসরতাজ গ্রামের মোঃ মোতাহার হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৫) বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টার দিকে দোকান মালিক হাবিবুর রহমান প্রতিদিনের ন্যায় দোকানে তালা দিয়ে দুপুরের খাবারের উদ্দেশ্যে নিজ বাড়িতে যান। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি দোকানে ফিরে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান, দোকানের মালামাল চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে নগদ ৪,০০,০০০ (চার লাখ) টাকা এবং দোকানে থাকা আনুমানিক ৭,০০০ টাকা মূল্যমানের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কটি খুলে নিয়ে পালিয়ে যায়।
দোকান মালিক জানান, চুরির বিষয়টি টের পাওয়ার পর তিনি প্রথমে আশপাশে ও স্থানীয়ভাবে সন্ধান করার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ব্যবসায়ী আরও জানান, দোকানে ও আশপাশে ১৬টি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও, ধূর্ত চোরচক্র ক্যামেরার মূল হার্ডডিস্কটিই চুরি করে নিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানিয়েছেন, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments