বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ৩ মাস পর পলাতক আসামি গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে নতুন জামা ও মেহেদীর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি মো. সাইফুল ইসলাম (৪৬)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
রোববার (৭ জুন) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী গোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সাইফুল ইসলামের মুদি দোকানটি তাদের বাড়ির পাশেই অবস্থিত। দীর্ঘদিন ধরে সে শিশুটিকে বিনামূল্যে বিভিন্ন খাবার দিয়ে প্রলুব্ধ করে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ মার্চ দুপুরে শিশুটি দোকানে গেলে সাইফুল তাকে নতুন জামা ও মেহেদী দেওয়ার কথা বলে গ্রামের একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যায়। সেখানে যৌন নিপীড়নের উদ্দেশ্যে তার পরিহিত পোশাক জোরপূর্বক খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্যদের অবহিত করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিভাবক নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিল।
র্যাব জানায়, মামলার তদন্ত ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় তার অবস্থানের খবর পাওয়া যায়। পরে র্যাব-১২ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

No comments