শিরোনাম

সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

চ্যানেল টেন ডেস্কঃ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় আগামী সকাল পর্যন্ত দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার রাতে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস পরিস্থিতির প্রতি সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে।

No comments