শিরোনাম

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনের উপলক্ষে, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি-আলোচনা সভা

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬, উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— "World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses."

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এবং সিভিল সার্জন মো. খুরশীদ আলম।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান। তিনি মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল মাদকবিরোধী পোস্টার ও স্টিকার সংযোজন, লিফলেট বিতরণ, যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নগরীর বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে কাউন্সেলিং সেবা প্রদান।

অনুষ্ঠানে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ২০২৫ সালে ১ হাজার ৮০৩টি অভিযান পরিচালনা করে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৮৩৮টি অভিযান পরিচালনা করে ৩৩৬টি মামলায় ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ব্যবস্থাও চলমান রয়েছে বলে জানানো হয়।

No comments