বগুড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১জুন সোমবার রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পারুল খাতুন (৩৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পারুল খাতুন ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রিপন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ২০০৮ সালে একটি মাদক চালানসহ গ্রেপ্তার হওয়ার রেকর্ডও রয়েছে তাঁর। পরবর্তীতে তিনি ও তাঁর স্ত্রী একসঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ পুলিশের।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রিপন মিয়া ও তাঁর স্ত্রী নিজ বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছেন এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে পারুল খাতুনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় রিপন মিয়া ও পারুল খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মামলার পর আসামি রিপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

No comments