শিরোনাম

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, ভিডিও ভাইরালের পর তরুণ আটক

চ্যানেল টেন ডেস্কঃ

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে আটক করে। তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, ‘অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির সঙ্গে একটি ইট যুক্ত করে সেতুর ওপর থেকে নিচের নদীতে ছুড়ে ফেলছেন।

পুলিশ জানায়, ঘটনাটি গত বুধবার সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয় এবং তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

No comments