বগুড়ায় দীর্ঘদিনের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বগুড়ায় অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে বগুড়া সদর উপজেলার শিববাটি ভান্ডারি মেঘা সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টু (৩৪)। তিনি বগুড়া সদর উপজেলার শিববাটি কিশোরীলাল রায়লেন এলাকার মোঃ জালাল শেকের ছেলে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অস্ত্র আইনের একটি মামলায় (জিআর নং-১৬১-১৪, এসটি-২৬২-১৪) আদালত সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টুকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত ওই আসামি বগুড়া সদর থানার শিববাটি এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, অপরাধ দমনে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

No comments