বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ জুন) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ হোসেন (৪০) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মণ্ডলের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ হোসেন মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments