‘শূন্যতার শক্তি’ খুঁজছে দুই দল
ভারতের গোয়ার মারগাঁওয়ে চূড়ান্ত অনুশীলনের মঞ্চ প্রস্তুত ছিল; কিন্তু শিউলি আজিমের মা বাসনা আজিম দুনিয়া ছেড়ে গেছেন, যে কারণে বাংলাদেশ অনুশীলন বাতিল করেছে। শোকস্তব্ধ লাল-সবুজরা এই শূন্যতাকে শক্তিতে পরিণত করতে চায়। অন্যদিকে নেপালের হৃৎপিণ্ড খ্যাত সাবিত্রা ভান্ডারি দলে নেই। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে এই শূন্যতাকেও শক্তিতে রূপান্তরের প্রত্যয় নেপাল শিবিরে।
২০২২ সালের পর ২০২৪ সালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। দুটি ফাইনালেই ঘরের মাঠে হেরেছে নেপাল। সেমিফাইনাল ম্যাচের আগে প্রতিশোধ শব্দটা ঘুরেফিরে উচ্চারিত হচ্ছে। কিন্তু নেপাল কোচ নবীন নিউপানে সেই তত্ত্বে যেতে রাজি নন। সেমিফাইনাল কেউ হারতে চায় না, হারতে চান না নেপালের কোচও—দৃষ্টি শিরোপায়। নেপালের অধরা শিরোপাস্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে থেমে যাবে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার দৌড়। একদিকে শোক, শূন্যতা; অন্যদিকে অধরা মুকুট এবং হ্যাটট্রিক মিশন—ম্যাচের আগে আবেগ, উত্তেজনার মঞ্চ তৈরি।
নেপালের জার্সিতে ৬১ ম্যাচে ৬৮ গোল করা সাবিত্রা ভান্ডারি ইনজুরির ধকল কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। দলের সেরা খেলোয়াড় না থাকাটা শক্তিতে পরিণত করার প্রত্যয় ছিল নেপাল কোচ নবীন নিউপানের কণ্ঠে, ‘নেপাল দলের লক্ষ্য সাবিত্রা ভান্ডারির জন্য ট্রফি জয় করা। সাবিত্রা আমাদের সেরা খেলোয়াড় এবং গত দুটি ম্যাচে অনেক সুযোগ এলেও দল তা কাজে লাগাতে পারেনি। উদীয়মানরা সে সুযোগটা নেবে।’ শিউলি আজিমের মা বাসনা আজিমের মৃত্যুতে শোকও জানালেন নেপালের কোচ, ‘শুনলাম বাংলাদেশের এক খেলোয়াড়ের মা মারা গেছেন। তার প্রতি আমার গভীর সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি।’ বাংলাদেশ সকালের অনুশীলন বাতিল করলেও নেপাল ম্যাচের কৌশল শিষ্যদের বুঝিয়ে দিতে ভিডিও সেশনে বসেছিলেন প্রধান কোচ পিটার বাটলার। রণকৌশল ঠিক করে নেওয়ার পর ফুটবলাররা গোয়ার সমুদ্রসৈকতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন।
ম্যাচের আগে বাংলাদেশ কোচ পিটার বাটলার বললেন, ‘এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলির পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো এবং তাদের জন্য প্রার্থনা করা। আপনি যখন কোনো টুর্নামেন্টের এমন পর্যায়ে যখন থাকবেন, তখন মাঝেমধ্যে অতিরিক্ত অনুশীলনেরও একটা ঝুঁকি থাকে। তাই আমার মনে হয় না, শিউলির মায়ের মৃত্যুর কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। মানসিক দৃষ্টিকোণ থেকে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি দলের বেশ অভিজ্ঞ একজন সদস্য এবং সবার কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়।’
.jpeg)
No comments