বগুড়ায় র্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২
বগুড়ায় পৃথক দুই অভিযানে অজ্ঞান পার্টির মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি)। এ সময় যাত্রী ও পথচারীদের অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধের মিশ্রণে তৈরি তিনটি পুরিয়াও উদ্ধার করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গত (১০) এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত করতে গিয়ে এ সাফল্য পায় র্যাব।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মো. সবুজ হাওলাদার (২৮) বগুড়ার শাকপালা এলাকা থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে তার কাছে থাকা নগদ ২ লাখ টাকা, একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স, একটি রিয়েলমি সি-৭১ মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যায়।
ঘটনার তদন্তে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার গোয়েন্দা দল অভিযান চালিয়ে গত ১৬ জুন বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের সামনে থেকে মামলার প্রধান সন্দেহভাজন মো. মেহেদী হাসান সৌরভ (২০)-কে গ্রেফতার করে। তিনি বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা।
পরবর্তীতে সৌরভকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৭ জুন রাত ১২টা ১০ মিনিটে বগুড়া সদর উপজেলার মাটিডালি রাজা ফিলিং স্টেশনের সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামলার অপর সন্দেহভাজন পলাতক আসামি মো. উজাম মিয়া (৩৪)-কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধুনদিয়া হরিরামপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, উজাম মিয়ার কাছ থেকে সাধারণ যাত্রী ও পথচারীদের অজ্ঞান করার উদ্দেশ্যে বিভিন্ন চেতনানাশক ওষুধের সংমিশ্রণে তৈরি তিনটি পুরিয়া উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি।

No comments