শিরোনাম

মেসিসহ পুরো আর্জেন্টাইন স্কোয়াডের পাসপোর্টের তথ্য ফাঁস

চ্যানেল টেন ডেস্কঃ

বিশ্বকাপের প্রস্তুতি জয় দিয়ে শেষ করলেও নিরাপত্তাজনিত এক অস্বস্তিকর ঘটনায় আলোচনায় আর্জেন্টিনা দল। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারানোর আগে ফাঁস হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নদের পুরো স্কোয়াডে থাকা ফুটবলারদের পাসপোর্টসংক্রান্ত তথ্য।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নিরাপত্তা ত্রুটির কারণে প্রীতি ম্যাচের আগে প্রকাশিত আর্জেন্টিনা দলের খেলোয়াড় তালিকায় পাসপোর্ট নম্বরও চলে আসে। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগে বিতরণ করা ওই তালিকায় স্বাভাবিকভাবেই ছিলেন অধিনায়ক লিওনেল মেসিসহ দলের সব ফুটবলার।

সাধারণ নিয়ম অনুযায়ী এমন নথিতে থাকা পাসপোর্ট নম্বর গণমাধ্যম বা জনসম্মুখে প্রকাশের আগে ঝাপসা (ব্লার) করে দেওয়ার কথা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসতর্কতায় তা করা হয়নি বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত আয়োজক কিংবা ক্ষতিগ্রস্ত পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এদিকে, হন্ডুরাসের পর আইসল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নিয়ে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি পর্ব সফলভাবে শেষ করেছে লিওনেল স্কালোনির দল। আলাবামায় ৮৮ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।

চোট কাটিয়ে ফেরা মেসি ম্যাচের ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। মাঠে নামার মাত্র দুই মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি। এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষদিকে থিয়াগো আলমাদার গোল জয়কে আরও নিশ্চিত করে।

আজ (১১ জুন) দিবাগত রাতে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। তবে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা আগামী বুধবার। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে মেসিদের দল।

No comments