রামিসা হত্যার রায় : এজলাসে আসামি সোহেল-স্বপ্না
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রবিবার ৭ জুন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ সকাল ১১টায় রায় ঘোষণার কথা রয়েছে।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করবেন।
রায় ঘোষণার আগে পৌনে ১১টায় আসামি সোহেল রানা ও এর কিছুক্ষণ পরে ১০টা ৫৭ মিনিটে সোহেলের স্ত্রী স্বপ্নাকে মহানগর হাজতখানা থেকে আদালতে তোলা হয়েছে।
রায়কে কেন্দ্র করে আজ সকাল ৮টা ৪৯ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছু আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে।
শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছাল।
গত ১৯ মে দিবাগত রাত ১২টা ৫ মিনিটে—অর্থাৎ ২০ মে মামলা দায়েরের পর ৫ দিনের মাথায় ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

No comments