শিরোনাম

মোবাইল টাওয়ারের চূড়ায় ব্রাজিলের পতাকা লাগালেন তিন যুবক

চ্যানেল টেন ডেস্কঃ

বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন। বিশ্বকাপের সময় দেশের বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। কেউ বাড়ির ছাদে, কেউ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে, আবার কেউ গ্রামের রাস্তার দুই পাশে টাঙিয়ে দেন পছন্দের দলের পতাকা। তবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ব্রাজিল ভক্তরা দেখিয়েছেন ভিন্নধর্মী উন্মাদনা।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার দুর্গম চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারসংলগ্ন এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানির উঁচু টাওয়ারের চূড়ায় উঠে ব্রাজিলের পতাকা টাঙান তিন সমর্থক। তাদের এ উদ্যোগের পর থেকেই টাওয়ারের মাথায় উড়ছে ব্রাজিলের সবুজ-হলুদ পতাকা। তার ওপরে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা। দীর্ঘ উঁচু টাওয়ারের মাথায় উড়তে থাকা পতাকা দুটি দূর-দূরান্ত থেকেও চোখে পড়ে।

ব্রাজিল সমর্থক শাকিল, নিশাত ও নেছার বলেন, বিশ্বকাপ এলেই আমাদের মধ্যে অন্যরকম আবেগ কাজ করে। ছোটবেলা থেকে ব্রাজিলের খেলা দেখে আসছি। তাই প্রিয় দলের পতাকা উঁচুতে উড়তে দেখলে আলাদা ভালো লাগে। ফুটবল আমাদের কাছে শুধু খেলা নয়, এটি আনন্দ ও ভালোবাসার একটি উপলক্ষ। আমরা আশা করছি, এবার বিশ্বকাপের ট্রফি ব্রাজিলের হাতেই উঠবে।

বিশ্বকাপের খেলা শুরু হওয়ার আগেই রাঙ্গাবালীর আকাশে উড়তে থাকা ব্রাজিলের পতাকা যেন আগেভাগেই জানিয়ে দিচ্ছে—ফুটবল উৎসবের অপেক্ষায় রয়েছে উপকূলের এই জনপদও।

স্থানীয়রা জানান, বিশ্বকাপকে ঘিরে এলাকায় ইতোমধ্যে ফুটবল আলোচনা জমে উঠেছে। চায়ের দোকান থেকে শুরু করে বাজারের আড্ডা—সবখানেই চলছে প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক। এরই মধ্যে উঁচু টাওয়ারের চূড়ায় ব্রাজিলের পতাকা উড়তে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার থেমে কিছুক্ষণ পতাকার দিকে তাকিয়ে থাকছেন।

স্থানীয়দের মতে, চরাঞ্চলের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এতটুকু কমেনি। বিশ্বকাপের উত্তাপ মাঠে গড়ানোর আগেই সেই আবেগ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

উপকূলের এই দুর্গম চরাঞ্চলে বিশ্বকাপের আমেজ এখনই ছড়িয়ে পড়েছে। আর আকাশছোঁয়া টাওয়ারের চূড়ায় উড়তে থাকা ব্রাজিলের পতাকাটি যেন সেই উন্মাদনারই প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

No comments