মেসির হ্যাটট্রিকের পর আলোচনায় আর্জেন্টিনার ‘অশুভ’ বিশ্বকাপ রেকর্ড
লিওনেল মেসির ক্যারিয়ারে অর্জনের তালিকা এতটাই দীর্ঘ যে নতুন কিছু যোগ হওয়ার সুযোগ যেন ক্রমেই কমে আসছিল। তবু বিশ্বকাপের মঞ্চে একটি আক্ষেপ রয়ে গিয়েছিল নিজের নামে কোনো হ্যাটট্রিক ছিল না। ৩৮ বছর বয়সে এসে সেই অপূর্ণতাও মুছে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে তিনি শুধু ব্যক্তিগত অর্জনের খাতাই সমৃদ্ধ করেননি, ফিরিয়ে এনেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের এক বিরল পরিসংখ্যানও।
মেসির আগে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছিলেন মাত্র তিনজন ফুটবলার। তাদের মধ্যে একজন গিলের্মো স্তাবিল, দুবার এই কীর্তি গড়েছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং একবার করেছিলেন গঞ্জালো হিগুয়েইন। মেসির হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে আর্জেন্টিনার মোট হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের গল্পটি ফিরে যায় ১৯৩০ সালে। উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে অভিষেক হয় গিলের্মো স্তাবিলের। নিয়মিত স্ট্রাইকার রবার্তো চেরো মানসিক চাপের কারণে খেলতে না চাওয়ায় সুযোগ পান তিনি। সেই সুযোগ এমনভাবে কাজে লাগান যে অভিষেক ম্যাচেই করেন হ্যাটট্রিক। স্তাবিলের তিন গোলের সুবাদে আর্জেন্টিনা জেতে ৬-৩ ব্যবধানে। দীর্ঘদিন ধরে এটিকেই বিশ্বকাপ ইতিহাসের প্রথম হ্যাটট্রিক হিসেবে ধরা হতো। পরে ফিফা নিশ্চিত করে, একই আসরে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বার্ট পেরনাউড স্তাবিলের আগেই হ্যাটট্রিক করেছিলেন।
এরপর আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় অর্ধশতাব্দীরও বেশি সময়। ১৯৯৪ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে ম্যাচে আবার হ্যাটট্রিকের দেখা পায় দলটি। সেই ম্যাচে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ২, ৪৪ ও ৯০ মিনিটে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। আর্জেন্টিনা ম্যাচটি জিতেছিল ৪-০ ব্যবধানে। ম্যাচের অন্য গোলটি করেছিলেন দিয়াগো ম্যারাডোনা। পরে সেটিই হয়ে থাকে ওই বিশ্বকাপে ম্যারাডোনার একমাত্র গোল। কারণ, আসর চলাকালেই ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নিষিদ্ধ হন তিনি। ম্যারাডোনার বিদায়ের ধাক্কা সামলাতে না পেরে আর্জেন্টিনাও দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার কাছে হেরে বিদায় নেয়।
চার বছর পর ১৯৯৮ বিশ্বকাপে আবারও আলোচনায় আসেন বাতিস্তুতা। এবার জ্যামাইকার বিপক্ষে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে হ্যাটট্রিক করেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে দুটি আলাদা আসরে হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলার এখনো বাতিস্তুতাই। তবে ব্যক্তিগত কৃতিত্ব দলীয় সাফল্যে রূপ নেয়নি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।
২০১০ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪-১ জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন গঞ্জালো হিগুয়েইন। ম্যাচের ৩৩, ৭৬ ও ৮০ মিনিটে গোল করে তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার চতুর্থ হ্যাটট্রিকটি উপহার দেন। দিয়াগো ম্যারাডোনার কোচিংয়ে খেলতে নামা দলটি তখন শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ৪-০ গোলের বড় পরাজয়ে শেষ হয়ে যায় তাদের যাত্রা।
এই ইতিহাসের দিকে তাকালে একটি কৌতূহলোদ্দীপক মিল চোখে পড়ে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এর আগে হওয়া চারটি হ্যাটট্রিকের কোনোটিই শেষ পর্যন্ত দলকে শিরোপা এনে দিতে পারেনি। ১৯৩০ সালে দলটি ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। ১৯৯৪, ১৯৯৮ ও ২০১০ তিন আসরেই বিদায় নিতে হয়েছে নকআউট পর্বে।
সেই কারণেই মেসির হ্যাটট্রিককে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে এই পরিসংখ্যান। অনেক সমর্থক মজা করেই বলছেন, বিশ্বকাপে আর্জেন্টিনার হ্যাটট্রিক যেন এক ধরনের ‘অশুভ’ ইঙ্গিত। তবে ইতিহাস তো ভাঙার জন্যই তৈরি হয়। মেসি নিজের দীর্ঘদিনের অপূর্ণতা পূরণ করেছেন, এখন দেখার বিষয় আর্জেন্টিনাও কি পারে পুরোনো সেই রেকর্ডের ব্যতিক্রম ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখতে।

No comments