গাবতলীতে বিয়ের দাবিতে দেবরের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
বগুড়ার গাবতলী উপজেলা উপজেলার সোনারায় ইউনিয়নের মমিনখেদা উত্তরপাড়া গ্রামে বিয়ের দাবিতে এক সন্তানের জননী বেবি বেগম (৩৫) অনশন শুরু করেছেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১০) জুন স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের হোসেন প্রামানিকের ছেলে ও কসমেটিকস ফেরিওয়ালা শাহ আলমের সঙ্গে বেবি বেগমের দীর্ঘ প্রায় তিন বছরের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর দাবি, বিয়ের আশ্বাস দিয়ে শাহ আলম বিভিন্ন সময়ে তাকে ডেকে নেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে পরে তিনি বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে শাহ আলমের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন বেবি বেগম। তার দাবি, শাহ আলম তাকে বিয়ে না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকে শাহ আলমকে এলাকায় দেখা যাচ্ছে না। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গাবতলী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অনশনরত নারীর দাবি ও অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছে। তবে অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত সম্পন্ন হয়নি।

No comments