শিরোনাম

বগুড়ার শাহাজানপুরে যাত্রীবাহী বাসে ৭০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাহাজানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উবনি মোছাঃ জরিনা (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।

রবিবার (২১ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিএনসি। অভিযানে শাহাজানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মো. ইউসুফের বাড়ির সামনে ঢাকা থেকে বগুড়াগামী আর-কে ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসটির ঢাকা মেট্রো-ব-১৫-০২৮৫ নম্বরের কোচের বি-৪ আসনে বসা টিকিটবিহীন নারী যাত্রী উবনি মোছাঃ জরিনার দেহ ও তার বহনকৃত কালো রঙের ভ্যানেটি ব্যাগ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উবনি মোছাঃ জরিনা (৫০) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমলীহাট ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জব্বারের কন্যা এবং মো. মেহেদীর স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে শাহাজানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

No comments