প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট ফেসবুক কনটেন্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার (১৯ জুন) সকালে তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে ১১ জুন পত্রিকাটির ফেসবুক পেজে বগুড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস শিরোনামে একটি প্রতিবেদনসহ আরও কয়েকটি সংবাদ প্রকাশ করা হয়।
এ ঘটনায় গত ১৭ জুন মো. তানভীর আলম বগুড়া সদর থানায় পত্রিকাটির সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬ ও ২৭ ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তভার পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি ও অগ্রযাত্রা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম (৪০)-কে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোঃ আতোয়ার রহমান বলেন, অগ্রযাত্রা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে মামলার প্রেক্ষিতে গতকাল রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।

No comments