শিরোনাম

খাবার দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা করল ছেলে

চ্যানেল টেন ডেস্কঃ

নেত্রকোনায় খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মায়ের ওপর হামলার ঘটনায় আবুনি রাজভর ওরফে রুকশি (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে শ্যামল রাজভরকে (২৪) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুনি রাজভর স্থানীয় বাসিন্দা ও শ্যামল রাজভরের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীতে মগরা নদীর তীরবর্তী একটি টিনশেড ঘরে বসবাস করতেন আবুনি রাজভর। পরিবারের দাবি, তার ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি মায়ের কাছে খাবার চান। কিছু সময় অপেক্ষা করতে বলায় ক্ষিপ্ত হয়ে তিনি মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শ্যামলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments