ভঙ্গুর মাটিতে গড়ে ওঠা ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে বড় বিপর্যয়ের ঝুঁকি
সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকায় ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতত্ত্ববিদদের মতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এ রাজধানী শহর। তাদের মতে, এ শহরের অর্ধেকেরও বেশি এলাকা উচ্চ ভূ-তরলীকরণ (লিকউইফেকশন) ঝুঁকিতে। বড় ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছে এ শহরে।
ঢাকার বিস্তার দীর্ঘদিন ধরেই পরিকল্পনার চেয়ে দ্রুত হয়েছে। জলাভূমি ভরাট করা হয়েছে, নিচু এলাকাগুলোতে গড়ে উঠেছে বসতি, আর নির্মিত হয়েছে অসংখ্য বহুতল ভবন—যার অনেকগুলোই বড় ধরনের ভূমিকম্প সহ্য করার মতো উপযুক্ত নয়। এক প্রতিবেদনে জাতীয় গণমাধ্যমে তুলে ধরা হয়েছে ঢাকার ভঙ্গুর ভূপ্রকৃতি, মাটির তরলীকরণ ঝুঁকি এবং নির্মাণে বিদ্যমান ঘাটতি, যা শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা বড় ধরনের ভূমিকম্পের সময় গুরুতর ঝুঁকিতে থাকবেন, কারণ শহরের বড় অংশই তরলীকরণ-প্রবণ দুর্বল মাটির ওপর অবস্থিত।
তাঁরা উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় ভবন নির্মাণের আগে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে অনুসরণ, বিশেষ করে সঠিক পাইলিং এবং মাটির উন্নয়ন (সয়েল ইমপ্রুভমেন্ট) নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
রাজউক ও বুয়েটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ঢাকার প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ এলাকা শহরের তরলীকরণ ঝুঁকির মানচিত্রে লাল ও ম্যাজেন্টা অঞ্চলের অন্তর্ভুক্ত, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাটির অবস্থা নির্দেশ করে।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ‘এই এলাকাগুলোতে ভূমিকম্পের কম্পনও বেশি বৃদ্ধি পায় (সিসমিক এম্পপ্লিফিকেশন) কারণ উভয় ঝুঁকিই আলগা বা কৃত্রিমভাবে ভরাট করা মাটির সঙ্গে সম্পর্কিত।’
রাজউকের আওতাধীন ১,৫২৮ বর্গকিলোমিটার এলাকার মধ্যে বুয়েটের গবেষকেরা দেখেছেন, অর্ধেকেরও বেশি এলাকা বড় ধরনের ভূমিকম্পে মাটির তরলীকরণের জন্য অত্যন্ত সংবেদনশীল।
ভূতত্ত্ববিদদের মতে, ঢাকার মাটির গঠন—যার বড় অংশই লাল প্লাইস্টোসিন কাদামাটি এবং নরম পলিমাটি —শহরের ঘনবসতি ও অপরিকল্পিত সম্প্রসারণের জন্য উপযুক্ত নয়। ফলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ভবনধসের আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা উচ্চঝুঁকিপূর্ণ এলাকায়, বিশেষ করে মাটির ওপরের ৫ থেকে ৬ মিটার স্তর শক্তিশালী করার পাশাপাশি সঠিক পাইলিং করার পরামর্শ দিয়েছেন।
তরলীকরণ ঝুঁকির চারটি স্তর
বুয়েট লিকউইফেকশন পটেনশিয়াল ইনডেক্স (এলপিআই) অনুযায়ী ঢাকার মাটিকে চারটি রঙে ভাগ করেছে—
লাল: এলপিআই ১৫-এর বেশি — সর্বোচ্চ ঝুঁকি।ম্যাজেন্টা: এলপিআই ১০–১৫ — মাঝারি থেকে উচ্চ ঝুঁকি।নীল: এলপিআই ৫–১০ — তুলনামূলক কম ঝুঁকি।সবুজ: এলপিআই ৫-এর নিচে — সর্বনিম্ন ঝুঁকি।
অধ্যাপক আনসারী বলেন, মাত্রা ৭.৫-এর ভূমিকম্প হলে লাল অঞ্চলে মারাত্মক ভূমিধস বা মাটির ব্যর্থতা (গ্রাউন্ড ফেইলার) দেখা দিতে পারে, বিশেষ করে যেখানে ভূগর্ভস্থ পানির স্তর উঁচু—যেমন পুকুর, খাল ও নদীর আশপাশে।
ভূমিকম্পের কম্পন কীভাবে বাড়ে, তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি ১৯৮৫ সালের মেক্সিকো সিটি ভূমিকম্পের উদাহরণ দেন। সে সময় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রায় ৩০০ কিলোমিটার দূরে, তবুও নরম মাটি কম্পন বাড়িয়ে দেওয়ায় বহু মাঝারি উচ্চতার ভবন ধসে পড়ে।
তিনি বলেন,‘বালুভর্তি জমি তরলীকরণ ও কম্পন বৃদ্ধি—দুই সমস্যাই সৃষ্টি করে। আর নরম কাদামাটি মূলত কম্পন বাড়ায়। উভয়ই বিপজ্জনক।’
তিনি আরও জানান, বালু ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ঢাকার নতুন সম্প্রসারণের বড় অংশ বালু ভরাট বা পুনরুদ্ধার করা জমির ওপর গড়ে উঠেছে।
এসব এলাকায় নিরাপদ নির্মাণ সম্ভব, তবে তার জন্য সঠিকভাবে মাটি শক্ত করতে হবে। কিন্তু ব্যয় বেশি হওয়ায় অনেক নির্মাতা তা এড়িয়ে যান। সঠিকভাবে মাটি কম্প্যাক্ট করতে আলগা ভরাটের তুলনায় প্রায় দশ গুণ বেশি উপকরণ প্রয়োজন হয়।
তার ভাষায়, ‘ফলে ঢাকার প্রায় ৯০ শতাংশ ভরাট জমিতে শুধু পাইল ব্যবহার করা হয়েছে, কিন্তু আশপাশের মাটি শক্ত করা হয়নি। এতে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।’
তিনি ২০০১ সালের ভারতের কাণ্ডলা বন্দর ভূমিকম্পের উদাহরণ দিয়ে বলেন, সেখানে ৬০ ফুট গভীর পাইল থাকা সত্ত্বেও দুর্বল ও পানিসিক্ত মাটির কারণে একটি ভবন ১৫ ডিগ্রি হেলে যায়।
মাটির উন্নয়ন পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত সিমেন্ট ইনজেকশন প্রযুক্তি বালুমাটি অনেক বেশি শক্তিশালী করতে পারে।
সাধারণভাবে যেখানে ভরাটের গভীরতা ৪০–৪৫ মিটার, সেখানে ওপরের মাত্র ৫–৬ মিটার মাটি উন্নত করলেই ভূমিকম্পের কম্পনের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
অন্যথায় ওপর ও নিচের নরম স্তর দুর্বলই থেকে যায়, ফলে ভূমিকম্পে পাইল বাঁকতে পারে এবং ভবন হেলে পড়তে পারে।
একই মত প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জিল্লুর রহমান বলেন, ঢাকার মাত্র ৩৫ শতাংশ এলাকা শক্ত লাল প্লাইস্টোসিন মাটির ওপর অবস্থিত।
অবশিষ্ট অংশ জলাভূমি, বন্যাপ্রবণ সমভূমি, পরিত্যক্ত নদীখাত ও নিচু অববাহিকা নিয়ে গঠিত।
পুরান ঢাকা, গুলশান, বনানী, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, খিলগাঁও, মতিঝিল, ফার্মগেট ও মিরপুর তুলনামূলক শক্ত মাটির ওপর অবস্থিত।
অন্যদিকে বাসাবো, বাড্ডা, উত্তরখান ও দক্ষিণখানের কিছু এলাকায় লাল মাটি ভূপৃষ্ঠের ১০–২০ ফুট নিচে, ফলে সেগুলোকে মাঝারি মানের ভূমি হিসেবে ধরা হয়।
কিন্তু বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বন্যাপ্রবণ এলাকায় লাল মাটি ৮০–১৫০ ফুট নিচে অবস্থান করে। এর ওপর রয়েছে নরম কাদামাটি ও নতুন ভরাট স্তর, যা নির্মাণকে আরও কঠিন করে তোলে।
জিল্লুর রহমান বলেন, পুরোনো জলাভূমিতে ভূমিকম্পের কম্পন কখনও কখনও দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই ভবনের উচ্চতা এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে ভূমিকম্পের সময় অনুরণন বা ভূমিকম্প পরবর্তি পুনঃ দোলা (রেজোনেন্স), সৃষ্টি না হয়।
তিনি বলেন, ‘যেকোনো জায়গায় ভবন নির্মাণ করা যায়। তবে নকশা অবশ্যই মাটির বৈশিষ্ট্য অনুযায়ী হতে হবে। নির্দেশিকা ঠিকভাবে মানলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।’
বাংলাদেশ আরবান রেজিলিয়েন্স প্রোগ্রামের সাবেক প্রকল্প পরিচালক আবদুল লতিফ হেলালী বলেন, নরম মাটির ঝুঁকির একটি মানচিত্র তৈরি করা হলেও রাজউক এখনো তা পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেনি।
রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম জানান, ড্যাপ-২০২২ গেজেট হওয়ার পর তারা ওই মানচিত্র ও পরিকল্পনা পেয়েছেন।
তিনি বলেন, এটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। ড্যাপ হালনাগাদ করার সময় আমরা এটি অন্তর্ভুক্ত করব।
রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, সদস্য প্রতিষ্ঠানগুলো ভূমিকম্পের ঝুঁকি কমাতে বিএনবিসি অনুসরণ করে।
তিনি বলেন, আমরা যে স্টিল ও সিমেন্ট ব্যবহার করি, সেগুলো ভূমিকম্প সহনশীলতার বিষয়টি মাথায় রেখেই উৎপাদিত।
সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর রিহ্যাব একটি নিয়ন্ত্রণকক্ষ খুলেছিল এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি।
তবে তিনি স্বীকার করেন, ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্পের প্রভাব আগে থেকে নির্ভুলভাবে অনুমান করা কঠিন।
চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকা লাল অঞ্চল:
হজরতপুর, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, তেঘরিয়া, কোন্ডা, এনায়েতনগর, কাশীপুর, কালাগাছিয়া, নারায়ণগঞ্জ পৌরসভা, বন্দর, মোগরাপাড়া, নারায়ণগঞ্জ সদর, বক্তাবলী, মোহাম্মদপুর ও ধানমন্ডির কিছু অংশ, নিউমার্কেট, লালবাগ, মদনপুর, দুমনি, বাড্ডা, পাঠালিয়ার কিছু অংশ, আশুলিয়া, কাটাবল্লী এবং দারুস সালাম।
ম্যাজেন্টা অঞ্চল
কোনাবাড়ী, ইয়ারপুর, হরিরামপুরের কিছু অংশ, বিরালিয়া, বিভিন্ন পৌরসভা এলাকা, ক্যান্টনমেন্ট, পল্লবী, গুলশান, রূপগঞ্জ, ভুলতা, খিলগাঁও, কাফরুল ও দক্ষিণখানের কিছু অংশ, আদাবর, তেজগাঁও, রামপুরা, মতিঝিল, ডেমরা, সবুজবাগ, যাত্রাবাড়ী, কদমতলী, কদম রসুল পৌরসভা, মুসাপুর, ফতুল্লা ও হাজারীবাগের কিছু অংশ, সাদিপুর, কাঞ্চপুর এবং পল্টন।
.jpeg)
No comments