শিরোনাম

বগুড়ার আদমদীঘিতে গোসলের ভিডিও ধারণ ও ভাইরালের হুমকির অভিযোগ : যুবক গ্রেফতার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক তরুণীর গোসলের সময় গোপনে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালশন গ্রামের বাসিন্দা মোছা. সাদিয়া আক্তার (২৩) এ ঘটনায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তার ছোট বোন বাড়ির পূর্ব পাশে অবস্থিত বাথরুমে গোসল করতে যান। এ সময় হঠাৎ চিৎকার শুনে সাদিয়া বাইরে এসে দেখতে পান, প্রতিবেশী রিহেল চেরাগী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।

পরে ভুক্তভোগী তার বোনকে বিষয়টি জানালে তিনি অভিযোগ করেন যে, রিহেল চেরাগী বাথরুমের ভ্যান্টিলেশন দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে তার গোসলের সময়ের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ করেছেন।

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর পরিবারের সদস্যরা অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানান। তবে অভিযুক্ত পক্ষ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, গত ১১ জুন “SK Rihel” নামের একটি ফেসবুক আইডি থেকে তার স্বামী জাহিদ হাসানের মেসেঞ্জারে একটি ভিডিও পাঠানো হয়। একই সঙ্গে ‘বেশি বাড়াবাড়ি করিস না, তোর বউয়ের ভিডিও ভাইরাল করে দেব’—এমন হুমকিমূলক বার্তাও পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রিহেল চেরাগীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী, সাইবার অপরাধ ও নারীর গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

No comments