শিরোনাম

শুধু বংশ ও ছেলে নয় মেয়ের নামেও করা হয়েছে ইউনিয়ন পরিষদের নাম!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার চারটি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত আলোচনা-সমালোচনা চলছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পরিবারের সদস্যদের নামে এসব ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে একটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এছাড়া তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামে দুটি ইউনিয়ন এবং কন্যা মীর সামান্তা সুনাত (স্বর্ণ)-এর নামে আরও একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে।

মীর সামান্তা সুনাতের ডাক নাম স্বর্ণ এটি চ্যানেল টেনকে নিশ্চিত করেছেন, মীর বাড়ীর সিনিয়র ইলেক্ট্রিশিয়ান রোমান শেখ। তিনি বলেন, মীর সামান্তা সুনাতের ডাক নাম স্বর্ণ। তবে স্বর্ণগ্রাম ইউনিয়নের নাম মীর সামান্তা সুনাতের ডাক নামের সাথে মিল রেখে করা হয়েছে কী না তা আমার জানা নেই।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নামকরণকে স্বাভাবিক হিসেবে দেখলেও অনেকে সরকারি প্রশাসনিক ইউনিটের নাম ব্যক্তি ও পরিবারের সদস্যদের নামে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।

তবে এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, নতুন ইউনিয়নগুলোর নামকরণে কোনো ধরনের অনিয়ম হয়নি। তিনি বলেন, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নাম চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় অনেক বাসিন্দা বলছেন, ইউনিয়নের নামের চেয়ে উন্নয়ন কর্মকাণ্ড তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারা জানান, এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সরকারি সেবার সম্প্রসারণই তাদের প্রধান প্রত্যাশা।

এদিকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতা মনে করছেন, সরকারি প্রশাসনিক ইউনিটের নাম ব্যক্তি ও পরিবারের সদস্যদের নামে হওয়া নজিরবিহীন ঘটনা। এতে প্রশাসনিক নিরপেক্ষতা ও ভবিষ্যতে নামকরণ প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হতে পারে বলেও তারা মন্তব্য করেছেন।

বিষয়টি নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান , ইউনিয়নগুলোর নামকরণে ভৌগোলিক অবস্থান, স্থানীয় বাস্তবতা এবং প্রস্তাবিত নামসমূহের বিষয়ে প্রাপ্ত মতামত বিবেচনায় নেওয়া হয়েছে।

চারটি নতুন ইউনিয়নের নাম নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার ওপরই গুরুত্ব দিচ্ছেন। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা আপাতত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

No comments