বগুড়ার গাবতলীতে ইয়াবা সেবনের আসর ভেঙে দিল যৌথ অভিযান, ৩ মাদকসেবীর কারাদণ্ড
বগুড়ার গাবতলীতে ইয়াবা সেবনের সময় তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৩টার দিকে গাবতলী মডেল থানা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৫০), পিতা মৃত জলিল, গ্রাম হাতিবান্ধা মধ্যপাড়া; মো. সাগর (২৯), পিতা মৃত নুরুল ইসলাম, গ্রাম হাতিবান্ধা মধ্যপাড়া এবং মো. হাসিবুর রহমান (২৮), পিতা মো. জহুরুল ইসলাম, গ্রাম ভুলিগাড়ী, থানা গাবতলী, জেলা বগুড়া।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আদালত মাদক সেবনের অপরাধে আব্দুর রাজ্জাককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০০ টাকা জরিমানা, সাগরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং হাসিবুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
গাবতলী মডেল থানা সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments