শিরোনাম

কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়, ২ ট্রেনের বিলম্ব

চ্যানেল টেন ডেস্কঃ

ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানীর প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের ট্রেন ধরতে স্টেশনে জড়ো হন যাত্রীরা। প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও অপেক্ষমাণ কক্ষে ছিল উপচেপড়া ভিড়।

সকালে সরেজমিনে দেখা যায়, যাত্রীরা রিকশা ও বিভিন্ন যানবাহন থেকে নেমে টিকিটিং এলাকা হয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। এতে প্রবেশপথে কিছুটা ধীরগতি তৈরি হলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। অনেক যাত্রী নির্ধারিত সময়ের আগেই স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

স্টেশন সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টা পর্যন্ত ২০টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে এবং সারাদিনে মোট ৬৮টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বেশিরভাগ ট্রেন সময়মতো চলাচল করলেও দুটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় সোয়া এক ঘণ্টা পরে ঢাকা ছাড়ে। এছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছেড়ে যায়।

যাত্রীরা জানান, সামান্য বিলম্ব হলেও গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো। অনেকে সম্ভাব্য ভিড় ও ঝামেলা এড়াতে আগেভাগেই স্টেশনে চলে এসেছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, দূরপাল্লার ট্রেনগুলোতে যাত্রী বেশি থাকায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, সময়মতো ট্রেন পরিচালনার জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

No comments