মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা
মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার বা সংরক্ষণ করলেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। তিনি জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী অনলাইন জুয়া পরিচালনা, জুয়ার অ্যাপ প্রচার কিংবা এ ধরনের কার্যক্রমে জড়িত থাকা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সোমবার (২৫ আগস্ট) মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, অনলাইন জুয়া সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অনেকেই সহজে অর্থ উপার্জনের আশায় এসব অ্যাপে জড়িয়ে পড়ছেন, যা শেষ পর্যন্ত পরিবার ও সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। তাই অনলাইন জুয়ার বিরুদ্ধে এখন থেকেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, দেশের আইন, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় দৃষ্টিকোণ—সব ক্ষেত্রেই জুয়া নিরুৎসাহিত করা হয়েছে। মেহেরপুর জেলাকে অনলাইন জুয়ার অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোপালসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
.jpeg)
No comments