শিরোনাম

বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ আটক ৪

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সদর উপজেলার সেউজগাড়ী আমতলা মোড় ও জহুরুলনগর ঠেলাপট্টি এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৩৬ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২। 

গত মঙ্গলবার (২৬ মে) রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় রেলওয়ে মার্কেট সংলগ্ন বৈশাখী ডিজিটাল পয়েন্ট দোকানের সামনে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রির অভিযোগে কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া এলাকার মৃত ছিফাতুল্লাহ’র ছেলে মোঃ ফজলাল প্রামানিক ওরফে ভোদো (৪১) কে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড ও নগদ ২২০ টাকা উদ্ধার করা হয়।

একই রাতে সদর উপজেলার জহুরুলনগর ঠেলাপট্টি এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে র‍্যাব-১২। 

এসময় ইয়াবা ব্যবসার অভিযোগে জহুরুলনগর ঠেলাপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ খলিল শেখ (৩২), আকবর আলী মন্ডলের ছেলে মোঃ নসিব মন্ডল (৪০) এবং মৃত মোফাজ্জল খানের ছেলে মোঃ সোহাগ খান ওরফে কুলু (৩৫) কে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল, ছয়টি সিম কার্ড ও নগদ ২১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

No comments